তালেবান সরকার গঠন করেছে গত মঙ্গলবার। কয়েক জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নতুন শিক্ষামন্ত্রী মৌলভি নুরউল্লাহ মুনিরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ঐ ভিডিওতে তিনি বলেন, বর্তমান সময়ে পিএইচডি ও মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। খবর রয়টার্সের
শিক্ষামন্ত্রী মৌলভি নুরউল্লাহ বলেন, আপনারা দেখেন মোল্লাহ ও তালেবানের কারও পিএইচডি, মাস্টার্স ডিগ্রি এমনকি হাইস্কুলের ডিগ্রিও নেই, কিন্তু তারাই শ্রেষ্ঠ। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তালেবান আমলে আগের শিক্ষা ব্যবস্থায় ধস নামতে পারে। ইতিমধ্যে স্কুলে ছেলেমেয়েদের আলাদা ক্লাস করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও তালেবানের আগের সরকারের আমলে ১০ বছরের বেশি মেয়েদের স্কুলে যাওয়াই নিষিদ্ধ ছিল। এবার স্কুলে যাওয়ার অনুমতি দিলেও হিজাব পরে যেতে হবে বলে তালেবান জানিয়েছে। আর শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা মন্ত্রীদের শরিয়াহ আইনের ভিত্তিতে দেশ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
