সড়ক দুর্ঘটনায় বদরগঞ্জ ও মিরসরাইয়ে পাঁচ জন নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩২

রংপুরের বদরগঞ্জে মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন ও চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল বুধবার সকালে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে অপর একটি কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুই ভায়রা ভাই।  নিহতরা হলেন, শ্যালক রনি মিয়া (২১), ভায়রা ভাই ইউসুফ আলি (৩২) ও নাহিদ মিয়া (২৭)। তাদের সবার বাড়ি উপজেলার কুতুবপুর ইউপির রজবোল্লারহাট নামক এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একই মোটরসাইকেলযোগে রনি মিয়া, ইউসুফ আলি ও নাহিদ মিয়া নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী পদাগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় অন্ধকারে চালক মোটরবাইকের নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে গাছের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইউসুফ আলি। নাহিদ মিয়া ও রনি মিয়াকে এলাকাবাসী অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে মাঝরাতে তারা দুজন মারা যান। রনি ও নাহিদ চট্টগ্রামের একটি গার্মেন্ট কারখানার শ্রমিক ছিলেন। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের

চালক ও সহকারী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর (বড়কমলদহ) এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে অপর একটি কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হন। আহত হন একজন পথচারী।

নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক মাগুরা জেলার শালিকা থানাধীন শীমাখালী গ্রামের মৃত ছোবহান বিপ্লবের ছেলে আতিয়ার বিপ্লব (৫০) এবং তার সহকারী নীলফামারী জেলার ডিঙ্গা থানাধীন দক্ষিণ গড়িবাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৬)। এসময় আহত হন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকার হাজি মো. সাইদুল হকের ছেলে রায়হান উদ্দিন (২)।