অন্যকে বাঁচাতে প্রাণ দিলেন রুশ মন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

অপরের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিলেন রাশিয়ার জরুরিসেবা বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। গতকাল বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার জরুরিসেবা বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ (৫৫) আর্কটিক অঞ্চলে কৌশলগত বেসামরিক প্রতিরক্ষা ও সামরিক মহড়ার সময় মারা গেছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেল আরটি নিউজ ব্রডকাস্টারের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান বলেন, জিনিচেভ পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে উদ্ধার করতে গিয়ে মারা যান। মার্গারিটা সিমোনিয়ানের ভাষায়, ‘ঘটনার সময় সেখানে প্রচুর প্রত্যক্ষদর্শী ছিল, কিন্তু জিনিচেভের পানিতে ঝাপ দেওয়া এবং পরে কী ঘটেছিল তা জানার সময় কারো কাছে ছিল না।’ নোরিলস্ক শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। -বিবিসি