ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিদের তথ্যে বসিলায় অভিযান: র‍্যাব

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৭

ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে গ্রেফতার চার জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত জঙ্গি আস্তানার তথ্য দিয়েছে। তারা জানায়, বসিলার বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এসব তথ্যের ভিত্তিতে বসিলার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বসিলার জঙ্গি আস্তানার অভিযান শেষে র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় র‍্যাবের অভিযান, আটক ১

তিনি বলেন, ‌‘গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহের খাগডহর এলাকায় গ্রেফতার চার জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানার তথ্য দেন। তাদের কথা অনুযায়ী, বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এসব তথ্যের ভিত্তিতে বসিলায় অভিযান পরিচালনা করা হয়। আস্তানা থেকে আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।’

খন্দকার আল মঈন বলেন, ‘ময়মনসিংহ থেকে গ্রেফতার জেএমবির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এই জঙ্গির আস্তানা সন্ধান পাওয়া যায়। 

No description available.

গ্রেফতার জঙ্গিরা জিজ্ঞাসাবাদে বসিলা থেকে আটক জঙ্গির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল র‌্যাবকে। এর ভিত্তিতে র‌্যাব ঢাকার বাইরে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে বসিলার জঙ্গি আস্তানায় অভিযান চালায়। অভিযানে বর্তমান সময়ের জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয়। আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।

কমান্ডার খন্দকার আল মঈন উল্লেখ করেন, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিকদ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়। আস্তানা থেকে আটক জঙ্গিকে র‌্যাব সদরদফতরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তিনি জেএমবির কোনো পর্যায়ের সদস্য তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

No description available.

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, বাসার দারোয়ান ও আটক জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চলতি মাসের ২ তারিখে ভবনটির দোতালায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার সময় প্রিন্টিং প্রেসে কাজ করার কথা বলে। বাসা ভাড়ার সময় পাঁচ হাজার টাকা অগ্রিম টাকা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে পরিবারের লোকজন এলে জাতীয় পরিচয়পত্র দেবে এমন শর্তে বাসাটি ভাড়া নেন আটক জঙ্গি ও আরেকজন। বাসাটিতে আরও দুইজন লোকের আসা-যাওয়া ছিল। তারা গতকাল বাসাটি থেকে বের হয়ে যায়।

ইত্তেফাক/কেইএইচ/কেকে