সাভারে দুই গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৪

ইত্তেফাক রিপোর্ট

সাভার পৌর এলাকার চাপাইনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে হেমায়েতপুরের নিমেরটেক এলাকায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রতিবেশিরা জানায়, পারিবারিক কলহের জের ধরে চাপাইন এলাকায় ভ্যান চালক রকেট মিয়া শুক্রবার ভোরে স্ত্রী আসমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। সকালে ঘরে তালা ঝুলতে দেখে প্রতিবেশিদের সন্দেহ হলে জানালা দিয়ে ঘরের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আসমার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। নিহত আসমার বাড়ি রাজশাহী জেলার বাগমারা থানার কুলিখালিকুমারপুর গ্রামের মো. আক্কাস আলীর মেয়ে।

অপর দিকে শুক্রবার রাতে তেতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকার জনৈক আবুল কাসেমের বাড়ি থেকে তানিয়া খাতুন নামের (২০) এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানিয়ার বাড়ি পাবনা জেলার সুজানগর থানার চড়ধোলাই গ্রামে। ফ্যানের সাথে তানিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, তানিয়ার মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।