মুন্সীগঞ্জে বিষাক্ত মদ খেয়ে তিন নারীর মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় বিষাক্ত মদপানে বাল্মিকি সম্প্রদায়ের দুই বোনসহ তিন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আরেক ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় চামেলী, চায়না ও জোসনা নামে তিন নারীর মৃত্যু হয়। নিহত চামেলী ও চায়না আপন বোন। অপর নিহত জোসনা তাদের ফুফু। এদের সবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামে।

গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ ২ বোনসহ তিন নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুইজনই ওই শিপইয়ার্ডের ভেতর বসবাস করতেন। শুক্রবার চামেলীর বোন চায়না ও পিসি জোসনা বেড়াতে আসেন। এরপর দিনগত রাত ১১ টার দিকে সবাই মিলে মদপান করে।

রাত ১২ টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার সকাল ১০ টার দিকে দুই বোন চামেলী ও চায়না মারা যান। বেলা ১২ টার দিকে মারা যান তাদের ফুফু জোসনা। চামেলীর স্বামী মন্টুর অবস্থা আশঙ্কাজনক।