লোকগান নিয়ে টানা ৪ ঘন্টা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯

সাধারণত প্রবাসী শিল্পীদের একক সংগীতানুষ্ঠান খুব কমই দেখা যায়। এক্ষেত্রে কণ্ঠশিল্পী শাহ মাহবুব একেবারেই ব্যতিক্রম। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ফোক গানে দর্শক মাতিয়ে তোলেন তিনি নিমিষেই। গত ৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় এই গুণী শিল্পীর একক সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী শাহ মাহবুব একটানা ২০ টি গান পরিবেশন করেন। এর ভেতরে ১৭টিই ছিল লোক সংগীত। টানা ৪ ঘন্টা গান পরিবেশন করেন এই শিল্পী। এর ভেতরে প্রচলিত জনপ্রিয় ফোক গান তো রয়েছেই সাথে নিজের লেখা গানও পরিবেশন করেন। নিজের লেখা গান ‘মাকে যখন দেখি আমি আমার, দেশটা দেখা হয়’ দিয়েই গানের অনুষ্ঠানের সূচনা করেন মাহবুব। এরপর নজরুলগীতি ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান’ গানটি করেন। নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এই অনন্য একক সংগীতসন্ধ্যার আয়োজনে ছিল শো টাইম মিউজিক। উল্লেখ্য, মাত্র ৪ বছর বয়সে ওস্তাদ নারায়ণ চন্দ্র মণ্ডলের কাছে শাহ মাহবুবের সংগীতে হাতেখড়ি।। এরপর কৈশোরেই ভর্তি হন ঢাকার আব্বাস উদ্দিন একাডেমীতে। ১৯৯৬ সালে এই প্রতিষ্ঠান থেকে সংগীতের ওপর ৫ বছরের ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন নিউইয়র্কের এই জনপ্রিয় শিল্পী। শিল্পী মাহবুব ১৯৯৭ সালে বাংলাদেশ বেতার ও ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসাবে তালিকাভুক্ত হন। বেতার ও টেলিভিশনে গান গাইতে প্রতি বছরই সময় করে দেশে আসেন এই জনপ্রিয় শিল্পী। এই আয়োজন প্রসঙ্গে শাহ মাহবুব বলেন, ‘একক অনুষ্ঠান একজন শিল্পীর জন্য অনেক বড় সম্মানের। একটু একটু করে দর্শক শ্রোতাদের কাছে সেই গ্রহণযোগ্যতা তুলে ধরতে পেরেছি বলেই এমন সফল একটি অনুষ্ঠান শেষ করতে পারলাম।’

অনুষ্ঠানের আয়োজন আলমগীর খান আলম বলেন, ‘শাহ মাহবুব হয়ত পেশাগত কারনে যুক্তরাষ্ট্রে থাকেন। কিন্তু তার কণ্ঠ ও সংগীত চর্চায় দেখেছি সবসময় লোক গান, মাটির গানের চর্চা করেন। সেই বৈশিষ্ট্যই তাকে আলাদা করে তুলেছে। একারণেই তার এই একাগ্রতাকে সম্মান জানাতেই এই আয়োজন করেছি। দর্শকরাও মুগ্ধ হয়ে তার গান উপভোগ করেছেন।’