সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬

ইত্তেফাক ডেস্ক

শনিবার সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চট্টগ্রাম: নগরীর এনায়েত বাজার ওয়ার্ডে সিটি কর্পোরেশন দাতব্য চিকিত্সালয়ে সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি পালনের জন্য নগরীতে ১ হাজার ২৮৮টি কেন্দ্র স্থাপন করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, জেলার ১৪টি উপজেলায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

বরিশাল: নগরীর জুমির খান সড়কে নগর স্বাস্থ্যকেন্দ্রে এর উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান।

বরিশাল সিটি কপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান জানান, বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ২৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

রংপুর: নগর ভবনের রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বেশ কয়েকজন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব আবুল সালেহ মো. মুসা জঙ্গী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম প্রমুখ।

জয়পুরহাট: সদর উপজেলার চকদাদরা কমিউনিটি ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরদার রাশেদ মোবারকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা: সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শহরের সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিকে (এইউএইচসি) এর উদ্বোধন করা হয়।  সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

নাটোর: সদর উপজেলার তোকিয়া কমিউনিটি ক্লিনিকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। অপরদিকে নাটোর সদর হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম রাব্বী।

বাগেরহাট: বাগেরহাটের নয়টি উপজেলায় এবার দেড় লাখের অধিক শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

মাগুরা: সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পসুল খাওয়ানো হয়।

সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।   

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আশুতোস দাশ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ প্রমুখ। 

চাঁদপুর: দিনব্যাপী এ ক্যাম্পেইনে জেলার ৩ লাখ ২১ হাজার ২১৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এছাড়া দিনাজপুরের কাহারোল, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, মাদারীপুরের কালকিনি, বগুড়ার ধুনট ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলাসহ সারাদেশেই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।