উত্তর কোরিয়ায় গভীর রাতে প্যারেডে দেখা গেল দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে। দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী পিয়ংইয়ংয়ে ‘প্যারামিলিটারি অ্যান্ড পাবলিক সিকিউরিটি’ প্যারেডের আয়োজন করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। বুধবার গভীর রাতের ঐ প্যারেডে হাস্যোজ্জ্বল কিম জং উনকে অংশ নিতে দেখা গেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে ঐ প্যারেডের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো আয়োজন দেখা গেছে। উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ছবি থেকে দেখা যাচ্ছে, সর্বোচ্চ নেতা কিম জং উনের ওজন কমেছে। এর আগে গত জুনে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও বলা হয়েছিল যে, কিম ওজন কমিয়েছেন। কয়েক মাস আগের চেয়ে কিমকে এখন আরো বেশি তরুণ দেখা যাচ্ছে বলে অনেকে উল্লেখ করেছেন।
