পাইকগাছায় আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানান, লবণাক্ত উপকূল এলাকার পানি ও মাটি আমন চাষের জন্য তৈরি করতে কিছুটা সময় লাগে। এ জন্য এখানে কৃষির মৌসুম দেরিতে শুরু হয়। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক শহিদুল বলেন, এলাকায় চাহিদার তুলনায় ধানের চারা কম থাকায় অন্যান্য এলাকা থেকে অধিক মূল্যে চারা ক্রয় করতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, উপকূলের পাইকগাছা অঞ্চলের চাষাবাদ আবহাওয়ার ওপর কিছুটা নির্ভর করে।
