টেকনাফে বৃহস্পতিবার ভোর রাতে কোস্টগার্ড জওয়ানরা সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আমিরুল হক জানান, বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ (বিসিজি) স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটে অভিযানে যায়।
এ সময় বস্তা কাঁধে নিয়ে তিন জনকে আসতে দেখে হুইসেল বাজিয়ে টর্চলাইট দিয়ে দাঁড়ানোর জন্য সংকেত দিয়ে ধাওয়া করা হয়। ঐ সময় তারা বস্তা তিনটি ফেলে সরু পথ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে ঐ তিনটি বস্তা বিসিজি স্টেশনে নিয়ে গণনা করে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
