পৃথক স্থানে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
লালমোহন (ভোলা) :লালমোহনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো মো. ছায়েদ (৫) ও মিম আক্তার (৫)। উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মীম আক্তার স্থানীয় জাকির হোসেনের মেয়ে এবং ছায়েদ মো. শাহিনের ছেলে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সুজানগর (পাবনা) :সুজানগরে বৃহস্পতি-বার দুপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম নয়ন হোসেন (৪)। সে উপজেলার ভাদুরভাগ গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় আজাহার আলী জানান, নয়ন বাড়ির সবার অজান্তে বাড়িসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে ঐ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
