গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন সাঁওতালরা। বাপ-দাদার জমি ফেরত, তিন জন সাঁওতাল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার-বিচার এবং সাঁওতাল-বাঙালিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাহেবগঞ্জ বাগদা ফার্ম শাখা এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির সাহেবগঞ্জ বাগদা ফার্ম শাখার সাধারণ সম্পাদক গণেশ মুরমু। রাফায়েল হাসদার পরিচালনায় সমাবেশে জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ তার বক্তব্যে বলেন, সাঁওতালদের বাপ-দাদার কাছ থেকে ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রংপুর চিনিকলের আখ চাষের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী আখ চাষ না হলে জমি মালিককে ফেরত দেওয়ার কথা। কিন্তু সেই জমি আজও ফেরত দেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, সাঁওতালরা তাদের ঐ জমি ফেরতের জন্য আন্দোলনে গেলে তিন জন খুন হন। এখনো ঐ হত্যার বিচার হয়নি। উলটো আন্দোলনকারী সাঁওতাল বাঙালিদের নামে মিথ্যা মামলা করা হয়েছে।
