নাটোরে গৃহকর্মীকে নির্যাতন

পুলিশ কর্মকর্তার স্ত্রী কারাগারে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

নাটোরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ঢাকায় (সিআইডি) পুলিশে কর্মরত উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগমকে আটকের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এ এফ এম গোলজার রহমান তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে সদর উপজেলার পাইকোরদল গ্রাম থেকে সুমি  বেগমকে গ্রেফতার করে পুলিশ।

গৃহকর্মীর মা নার্গিস বেগম জানান, অভাবের কারণে শ্যামলী (১৩) তিন বছর আগে ঢাকায় সিআইডি পুলিশে কর্মরত উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। এরপর থেকে আমাদের সঙ্গে আর দেখা হয়নি। শুরুতে আট মাস নিয়মিত বেতন পাঠিয়ে দিলেও পরে আর দেননি। কাজে যোগ দেওয়ার এক মাস পর থেকেই নানা বিষয় নিয়ে শ্যামলীকে বকাঝকা ও নির্যাতন শুরু করে। একপর্যায়ে তার শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা এবং প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানে চামড়া তুলে ফেলে। তার মাথা ও হাত-পায়ের আঙুলসহ পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। শ্যামলী জানায়, কাজে একটু ভুল করলেই অনেক মারধর করত। জোরে কান্না করলে আরো বেশি মারত।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়ের জানান, ভুক্তভোগীর মা থানায় মামলা করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।