বাজার ধরে রাখতে কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৬০ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তারা ইতিমধ্যে বাংলাদেশে ১০৩ কোটি ডলারের বেশি (৮ হাজার ৮৫৫ কোটি টাকা) বিনিয়োগ করেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান কোরিয়ার উদ্যোক্তাদের চামড়া ও পাদুকা, জাহাজ নির্মাণ, ওষুধ, তৈরি পোশাক খাতের বেকওয়ার্ড লিংকেজ, অটোমোবাইল ও অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ, বিদ্যুত্ ও ইলেকট্রনিকস খাতে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিয়ুনের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ডিসিসিআইতে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের বাণিজ্য আরো সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে সহায়ক পরিবেশ তৈরিতে ডিসিসিআই এবং বাংলাদেশস্থ কোরিয়ান দূতাবাস একযোগে কাজ করার প্রস্তাব করেন তিনি।

রাষ্ট্রদূত লি জ্যাং কিয়ুন বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে ৫ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ এবং আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে। তিনি জানান, দক্ষিণ কোরিয়ায় রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের ৯৩ শতাংশই শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। তবে এলডিসি উত্তরণের পরবর্তী সময়ে, বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার ধরে রাখতে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত জানান, ইতিমধ্যে ৭০টি দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার এফটিএ রয়েছে, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও আশিয়ান উল্লেখযোগ্য। তিনি আরো জানান, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল এবং তথ্যপ্রযুক্তি খাতে কোরিয়ান উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়, পাশাপাশি বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে এ দেশের উদ্যোক্তাদের পণ্যের বহুমুখীকরণের ওপর আরো বেশি গুরুত্বারোপের পরামর্শ প্রদান করেন।