বিদায়ের আশায় থাকা রাদুকানু এখন সেমিতে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

এমা রাদুকানুর গল্পটা রূপকথার মতোই।  র্যাংকিংয়ে ১৫০তম হওয়ায় বাছাইপর্ব থেকেই শুরু করতে হয় তাকে। মূলপর্বে উঠে ছিলেন বাদ পড়ার আশায়। কিন্তু ভাগ্য যেন তার জন্য ভিন্ন কিছুই লিখে রেখেছিল। প্রথম রাউন্ড থেকে একের পর এক ধাপ সহজে পেরিয়ে এবার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন ১৮ বছর বয়সি ব্রিটিশ তরুণী। সহজে বলা হচ্ছে এজন্য যে, বাছাইপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো সেটেই এখনো হারের মুখ দেখেননি রাদুকানু।

কোয়ার্টার ফাইনালে রাদুকানুর প্রতিপক্ষ ছিলেন সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ। টোকিও অলিম্পিকে স্বর্ণ জেতা এই খেলোয়াড়কে ৬-৩, ৬-৪ সেটে উড়িয়ে নারী এককে তৃতীয় খেলোয়াড় হিসেবে বাছাইপর্ব থেকে সরাসরি সেমিফাইনালে উঠেন রাদুকানু। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই পর্যায়ে আসতে পেরে আমি খুবই খুশি। আশা করিনি, এখানে আসার। আমি মনে করি, বাছাইপর্ব শেষেই আমার ফ্লাইট বুক করা ছিল। সুতরাং এটি একটি চমত্কার সমস্যা।’

এদিকে পুরুষ এককে সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। মাত্তেও বেরেত্তিনিকে ৫-৭, ৬-২, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল জেতেন টেনিসের নাম্বার ওয়ান খেলোয়াড়। সেমিফাইনালে তার প্রতিপক্ষ জার্মানির আলেক্সান্ডার জভেরফ। যার কাছে টোকিও অলিম্পিকে হেরেছিলেন তিনি।