গুঞ্জন সত্যিই হলো। মানসিক অবসাদের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে থাকা বেন স্টোকসকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে ইংল্যান্ড। এউইন মরগানের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে চার বছর জায়গা পেয়েছেন পেসার টাইমাল মিলস। আছেন টি-টোয়েন্টিতে অনিয়মিত মুখ ক্রিস ওকসও। তবে সুযোগ পাননি জো রুট।
সবশেষ চার বছর আগে ইংল্যান্ডের হয়ে কুড়ি ওভারের ম্যাচ খেলেছিলেন মিলস। তবে সম্প্রতি টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে দুর্দান্ত পারফর্ম করায় বিশ্বকাপের দরজা খুলে যায় তার। এ প্রসঙ্গে ইংলিশ কোচ ক্রিস সিলভারউড বলেন,‘জায়গাটা প্রাপ্য মিলসের। গত দুই বছরে দারুণ প্রদর্শনী দেখিয়েছে বিশেষ করে এই গ্রীষ্মে সফল হওয়ার মতো পর্যাপ্ত স্কিল দেখিয়েছে সে।’
প্রকাশ্যে না বললেও মূলত স্টোকসের অভাব পূরণের দায়িত্ব থাকবে ওকসের ওপর। ছয় বছরের মধ্যে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেন এই বোলিং অলরাউন্ডার। সেটাও চলতি বছরে। তবে দুটোতেই বল হাতে কিপটেমি দেখিয়েছেন ওকস।
ইংল্যান্ড দল :এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ :টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স।
