সুস্বাস্থ্যের জন্য চাই শরীরচর্চা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে শরীরচর্চার বিকল্প নেই। সুন্দর জীবনের জন্য চাই সুস্বাস্থ্য। করোনা মহামারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা কতটা গুরুত্বপূর্ণ। শরীরচর্চার ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন সঠিক পুষ্টি ও ব্যায়ামের পরিকল্পনা করা। প্রতিটি মানুষের ক্ষেত্রে এগুলো আলাদা। কারণ নিউট্রেশন ও ওয়ার্কআউট প­্যান তৈরি করতে হয় একজন মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, শারীরিক গঠন, উচ্চতা, ওজন ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে। একজনের জন্য কেনা জুতা, জামা-কাপড় যেমন অপর একজনের ফিট হবে না। ঠিক তেমনই শরীরচর্চার ক্ষেত্রেও সবার ওয়ার্কআউট ও ডায়েট প­্যানও আলাদা। তবে কিছু নিয়ম মেনে শরীরচর্চা করলে সুস্থ থাকা সম্ভব। বেশি রাত না জাগা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, নানাধরনের ব্যায়াম মেডিটেশন করার মাধ্যমে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা যায়। প্রতিদিন ১ ঘণ্টা করে হাঁটুন। সকালের মিষ্টি রোদে ব্যায়াম করুন, সূর্য থেকে প্রাপ্ত ভিটামিন-ডি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ কম তাদের করোনাসহ যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিদিন  ৫ থেকে ১০ মিনিট মেডিটেশন করা জরুরি। মেডিটেশন আমাদের ব্রেইনের ক্ষমতা বৃদ্ধি করে, দুশ্চিন্তা ও বিষাদগ্রস্ততা কমায়। খেলাধুলার মাধ্যমে আমরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারি। করোনাকালে সুস্থ থাকতে শরীরচর্চা করা অতীব জরুরি।

শাপলা খাতুন, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা