আমি রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকার এইচএসসি পরীক্ষার্থী। টিকা ও সরকারি সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের স্মার্ট আইডি এবং পরবর্তী উচ্চশিক্ষার জন্য জাতীয় পরিচয়পত্র একান্ত প্রয়োজন। জাতীয় পরিচয়পত্রের জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে তারা জানায় আপনার আইডি match Found দেখাচ্ছে; সম্ভবত অন্য কারো ফিংগার প্রিন্টের সঙ্গে যুক্ত হয়েছে, তাই সচল হচ্ছে না। তাদের পরামর্শ অনুযায়ী আইডি সচল করতে নিজ এলাকা যার অধীনে আমার জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য নেওয়া হয়েছে—কুমিলা জেলার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করি ১৪-৩-২০২০ তারিখে। ছয় মাস পর খোঁজ নিয়ে জানতে পারি আবেদনটি কুমিলায় পাঠানো হয়েছে, সেখান থেকে ঢাকা অফিসে যাবে তারপর সচল হবে। এ দীর্ঘসূত্রতায় আমি টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারছি না এবং পরবর্তী সময়ে আমার উচ্চশিক্ষার জন্য ভর্তি সমস্যাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। আবেদনটি কুমিলায় পাঠানো হয়েছে, কবে নাগাদ এটি ঢাকা যাবে, সচল হবে বলতে পারছে না কেউ। আমি দুই জায়গায় কার্ড করার তথ্য দেইনি, দুবার কার্ড করার চেষ্টা করিনি। জানতে পেরেছি আমার মতো আরো অনেকে জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত এ ধরনের সমস্যার সম্মুখীন হওয়ায় জাতীয় পরিচয়পত্র পাচ্ছে না। তাই সহজে ও স্বল্প সময়ে জাতীয় পরিচয়পত্রের সমস্যা সমাধানের ব্যবস্থা এবং আপাতত জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইউছুপ মজুমদার
গ্রাম: শ্রীরামপুর, ডাকঘর: মন্তলী বাজার,
নাঙ্গলকোট, কুমিল্লা
