রাজধানীতে চার ভুয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাতে গাবতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মো. মামুন মন্ডল, আলী, আহম্মেদ ও মো. সুমন শেখ ওরফে আমির হোসেন। এসময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় একটি প্রাইভেটকার, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি ডিবির জ্যাকেট, একটি ওয়াকিটকি, প্রাইভেটকারের ভুয়া নম্বর প্লেট একটি ও নগদ ১৫ হাজার টাকা। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, গত ২৯ আগস্ট মালিবাগ চৌধুরীপাড়া শহীদ বাকী রোডে অবস্থিত ঢাকা ব্যাংক হতে দুপুরের দিকে ভিকটিম মো. মোশারফ হোসেন ৫ লাখ টাকা উত্তোলন করে বাসায় যাওয়ার পথে একটি প্রাইভেটকার এসে পথরোধ করে জোরপূর্বক কতিপয় ব্যক্তি তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ও শারীরিক নির্যাতন করে তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ঐ দিন বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় ভিকটিম মোশারফকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা রুজু হয়।
