আড়াইহাজারে ভেজাল খাবার বিক্রি করায় তিন দোকানিকে অর্থদণ্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

আড়াইহাজারে ভোক্তা অধিকার আইনে ভেজাল খাবার বিক্রি ও অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশ থাকার অভিযোগে তিন দোকানিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে আড়াইহাজার সদর বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ এই জরিমানা করেন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, ভোক্তা অধিকার আইনে সদর বাজারের ইমনের কনফেকশনারির দোকানকে ভেজাল খাবার রাখার দায়ে ২ হাজার টাকা, জহিরের বেকারিকে নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে ২ হাজার টাকা, রুবেলের মালিকানাধীন ঢাকা কাবাব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া মাস্ক না পরায় হোসেন নামের একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।