শিবালয়ে ‘রোগী ধরা’ দালাল চক্রের তিন সদস্য আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘রোগীধরা’ দালাল ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্বজনদের অভিযোগে গতকাল বৃহস্পতিবার ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিন দালালকে আটক করা হয়। পরে তাদের এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা এ দণ্ড দেন। মানিকগঞ্জ জেলার ডিবি পুলিশের ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে আটককৃতরা হচ্ছে স্থানীয় গোয়ালজান গ্রামের দেবী বণিক, উথলীর শিল্পী আক্তার ও টুটুল মিয়া।

 আটককৃতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও আশপাশে গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিত্সার নামে রোগী ভাগিয়ে নিয়ে নানাভাবে হয়রানি করে। এতে গরিব অসহায় রোগী ও আত্মীয়স্বজনরা বিপাকে পড়ে। ডিবি পুলিশের অভিযানকালে অন্যরা সটকে পড়ে। ডিবির ওসি নজরুল ইসলাম বলেন, জেলা ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় এবং তা অব্যাহত থাকবে।