মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসন ফি ও সেশন চার্জ মওকুফসহ তিন দফা দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।
তাদের দাবিগুলো হলো— বিশ্ব-বিদ্যালয়ের বিগত ১৮ মাসের আবাসন ফি ও সেশন চার্জ মওকুফ করা, আগামী এক বছরের সব ফি মওকুফ করা ও শিক্ষার্থীদের থেকে আদায়কৃত ফি ফেরত দেওয়া এবং যেসব শিক্ষার্থী সশরীরে উপস্থিত হয়ে সম্পূরক বৃত্তির অর্থ উত্তোলন করতে পারছে না তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা।
স্মারকলিপিতে তারা বলেন, সম্প্রতি বিভিন্ন বিভাগের সমাপনী পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফি মওকুফ করেছে। কিন্তু ভর্তি ও শিক্ষাবৃত্তিসহ অন্যান্য কারণে শিক্ষার্থীদের কাছ থেকে হল ক্লিয়ারেন্সের নামে নেওয়া হচ্ছে আবাসন ফি ও সেশন চার্জ। বিগত মাসগুলোর হল ফি পরিশোধ না করায় শিক্ষার্থীদের ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে আলোচনা করব। শিক্ষার্থীদের আবেদন বিবেচনায় রেখে কাজ করব।
