ফজরের নামাজ পড়ে রেললাইন ধরে হাঁটছিলেন রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও কোষাধ্যক্ষ এলাহী বখশ আব্দুল্লাহ। এ সময় তিনি একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। গতকাল বৃহস্পতিবার ভোরে মালিবাগ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
তার সহকর্মীরা জানান, প্রতিদিনই ফজরের নামাজের পর এলাহী বখশ আব্দুল্লাহ হাঁটাহাঁটি করতেন। গতকালও তিনি মালিবাগের পাশে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় হঠাত্ ট্রেন চলে আসায় টের না পাওয়ায় তিনি ট্রেনে কাটা পড়েন।
এলাহী বখশ আব্দুল্লাহ মালিবাগ জামিয়ায় ২৩ বছরেরও বেশি সময় ধরে জেনারেল বিষয়ে পাঠদান করছেন। পাশাপাশি তিনি মাদ্রাসার কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করছিলেন। তার মৃত্যুতে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
