চমকহীন বাংলাদেশের বিশ্বকাপ দল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২

তামিম ইকবালকে ফেরানোর জন্য শেষ চেষ্টা চালিয়েছিল বিসিবি। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করেননি বাঁহাতি এ ওপেনার। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল আছেন। বড় কোনো চমক, বিতর্ক ছাড়াই গতকাল আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তামিমহীন বাংলাদেশ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে চূড়ান্ত দলে আছেন ১৫ ক্রিকেটার। প্রথমবার টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ৮ ক্রিকেটার। তারা হলেন—লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন ও শরীফুল ইসলাম। চার বছর আগে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা ৭ ক্রিকেটার আছেন দলে। স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গী হবেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

বিশ্বকাপ দলে থাকলেও তাসকিন, শরীফুল, শামীমরা অনেক দিন ম্যাচের বাইরে। তাদের প্রস্তুতি নিয়ে উচাটান কিছুটা রয়েছে। তবে প্রধান নির্বাচক আশাবাদী বিশ্বকাপে মানিয়ে নিবেন ক্রিকেটাররা। দলটা নিয়েও আত্মবিশ্বাসী তিনি।

টানা তিনটি টি-২০ সিরিজ জয়কেই দলের আত্মবিশ্বাসের মূল রসদ মানছেন নান্নু। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী এই দলের ওপর। কারণ আমরা জিম্বাবুয়ে থেকে ধারাবাহিকভাবে এ দল নিয়েই তিনটি টি-২০ সিরিজ জিতেছি।’

তিনি আরো বলেন, ‘যে কোনো ফরম্যাটে খেলি না কেন জয়টা খুবই গুরুত্বপূর্ণ। জয়টা কিন্তু আত্মবিশ্বাস সব সময় বাড়ায়, হারতে থাকলে কিন্তু মানসিকতা এমনিতেই নেমে যায়। জয়ের আত্মবিশ্বাস ধারাবাহিক থাকলে যে কোনো জায়গায় আরেকটি সিরিজ বা টুর্নামেন্ট ভালোভাবে খেলা যায়।’

ওমান ও সংযুক্ত আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমান, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সুপার টুয়েলভ পর্বে উঠলে গ্রুপ-২ তে টাইগারদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল।

বাংলাদেশের বিশ্বকাপ দল :মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন।

স্ট্যান্ড বাই :রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।