বরিশালে মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করার অপরাধে ছয়টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় নগরীর কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় সিকদার অ্যান্ড কোং দোকান ৫ হাজার টাকা, মেসার্স বি এম এল ড্রাগ হাউস ৫ হাজার টাকা, মেসার্স মাহিয়ান সার্জিক্যাল ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্নার ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্ট ৫ হাজার টাকা এবং মোহাম্মদ রাজ্জাক মেডিকেল হল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন, বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র্যাব-৮-এর সদস্যরা। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।
