মঙ্গলগ্রহে মাত্র ৫০ ডলার দিয়ে জমি কেনার কথা জানালেন বাংলাদেশি এক সফটওয়্যার প্রকৌশলী। পৃথিবীর বাসিন্দারা মঙ্গলগ্রহে জমি কিনতে পারবেন এমন খবর বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। তবে সেই ক্রেতার নাম এলাহান উদ্দিন। তার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ পুর গ্রামে। তিনি সম্প্রতি মঙ্গল গ্রহে ১ একর জমি কিনেছেন। গতকাল সেই জমির দলিলও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে পেয়েছেন। মঙ্গল গ্রহের ম্যাপেও উল্লেখ রয়েছে কোথায় তার জমি। যে প্রতিষ্ঠান থেকে তিনি মঙ্গলে জমি কিনেছেন সেখানে এর আগে জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোনান্ড রিগ্যান।
এলাহান উদ্দিন সাংবাদিকদের জানান, বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, শাহরুখ খানসহ অনেকেই চাঁদে জমির মালিক হয়েছেন। চাঁদ ছাপিয়ে মানুষের নজর এখন মঙ্গল গ্রহের দিকে। তিনি ইত্তেফাককে বলেন, ‘প্রযুক্তি থেমে নেই। মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে পৃথিবী থেকে পাঠানো যান। পৃথিবীতে বসেই মঙ্গলে বাসস্থান গড়ার জন্য কাজ করছে একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের এই কাজেও সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ। যেহেতু মঙ্গল গ্রহের গবেষণায় কাজ করেন বিখ্যাত বিজ্ঞানীরা। তাই তাদের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব গবেষণায় ছড়ানোই আমার মূল লক্ষ্য।
