খুলনার বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা গ্রামে একটি মন্দিরে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে দিপক মণ্ডলের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তারা কালী প্রতিমার মাথা গলা থেকে বিচ্ছিন্ন করে দেয়। মন্দিরে থাকা পূজার বিভিন্ন সামগ্রী তছনছ করে। গঙ্গারামপুর ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি দেবপ্রসাদ সরকার ও সম্পাদক দুলাল মহালদার জানান, প্রতিমা ভাঙচুরের পর মাথায় থাকা মুকুট এবং কিছু ইমিটেশনের গহনা পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা সেগুলো কুড়িয়ে পায়। রাতে দিপক বাড়িতে ছিলেন না। তার ছেলে ভোরে পূজা দিতে গিয়ে এ দৃশ্য দেখেন।
গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হাদী উজ্জামান হাদী বলেন, বিগত পাঁচ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। নির্বাচনের আগমুহূর্তে এমন ঘটনা নিছক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। অন্যদিকে, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জালাল বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টির তদন্ত চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।
