চার জন হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ মেডিক্যালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের বাঘমারা হোস্টেলে সিট বাণিজ্য ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত চার জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক রুহিত আকন্দকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষে বহিরাগতসহ অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে মেডিক্যাল কলেজের ছাত্র শফি, স্বপন, রফিকুল ইসলাম শান্ত ও রুহিত আকন্দকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে রুহিত আকন্দকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বহিরাগতদের সঙ্গে নিয়ে কতিপয় ছাত্রকে মেডিক্যালের বাঘমারা হোস্টেলে উঠাতে যায় ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখার সভাপতি অনুপম সাহা। এরই প্রতিবাদ জানায় ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান। এনিয়ে বাগিবতণ্ডা থেকে ধাওয়া-পালটা ধাওয়া ও ভাঙচুরের একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। স্থানীয়রা আরো জানায়, সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।