শরত্ ও শীতকালীন ছুটি বাতিল করেছে ঢাবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

দীর্ঘ দেড় বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকার কারণে সম্ভাব্য সেশনজট এড়াতে চলতি বছরের শরত্কালীন ও শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এসময়ে অন্যান্য ছুটি যথারীতি বহাল থাকবে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরত্কালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষ্যে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর-এর ছুটি যথারীতি বহাল থাকবে।