আইসিটি মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর সিকদার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, যাদেরকে এ মামলায় ‘ভিকটিম’ বলা হয়েছে, তারা নিজেরা এ মামলা করেননি বা তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন কেউ এ মামলার বাদী নন। এমনকি তারা এ মামলায় সাক্ষীও ছিলেন না। মামলা করেছেন দূরের একজন, যার এ অভিযোগে মামলা করার এক্তিয়ার নেই।

রায়ের পর প্রবীর সিকদার বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি। আমি একা হলেও ন্যায়ের জন্য লড়াই করব। আজ যে ন্যায়বিচার পেলাম, তার মর্যাদা রক্ষার জন্য আমার লড়াই অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষে শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকব। প্রবীর সিকদার বর্তমানে দৈনিক বাংলা ৭১, অনলাইন পত্রিকা উত্তরাধিকার-৭১ নিউজ ও ত্রৈমাসিক পত্রিকা উত্তরাধিকারের সম্পাদক।

২০১৫ সালের ১৬ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আইসিটি অ্যাক্টে মামলা করেন জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তত্কালীন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। ঐ স্ট্যাটাসে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়। এরপর রাতেই গ্রেফতার হন প্রবীর সিকদার। তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ঐ বছর ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। ২০১৬ সালের ১৬ মার্চ চার্জশিট দাখিল করে পুলিশ। গতকাল এ মামলার রায় ঘোষণা করা হলো।