পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা আসন ভবানীপুরের উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল এই মামলার আবেদনের শুনানিতে জনস্বার্থ মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মুখ্য সচিব একটি চিঠি লিখেছিলেন কমিশনকে। কেন কোনো রাজ্যের মুখ্য সচিব একটি নির্দিষ্ট আসনের জন্য ভোট চাইলেন? মুখ্যমন্ত্রী কে হবেন, সেটি তো মুখ্য সচিব ঠিক করতে পারেন না। শুধু তার চিঠির পরিপ্রেক্ষিতেই কেন নির্বাচনের দিন ঠিক করা হলো? এখনো তো অন্য চারটি আসনে উপনির্বাচন বাকি আছে। এই সিদ্ধান্ত তো সংবিধানবিরোধী। জবাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলা গ্রহণ করছে আদালত।
কেন উপনির্বাচন হচ্ছে না, এই দাবি তুলে আগেই একটি জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার মামলা দায়েরের পরদিনই ভবানীপুর আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। উপনির্বাচন নিয়ে দুটি মামলার শুনানি হবে সোমবার।
