তরুণ শিক্ষার্থীদের ছবিতে করোনাকাল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:২০

করোনা বদলে দিয়েছে জীবনাচার। স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন স্বাভাবিক রূপ পেয়েছে। নিত্যসঙ্গী হয়েছে মুখ ঢাকা মাস্ক, স্যানিটাইজার। মহামারির কারণে জীবনের নতুন বাস্তবতাকে চালচিত্রকে ফ্রেমবন্দি করেছেন একঝাঁক তরুণ আলোকচিত্রি। তারা প্রত্যেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের সদস্য। নিউ নরমাল লাইফের বদলে যাওয়া পরিস্থিতিকে ফ্রেমবন্দি করেছেন এই শিক্ষার্থী আলোকচিত্রিরা।  সেসব ছবি নিয়ে অন্তর্জালে চলছে প্রদর্শনী। শিরোনাম ‘নিউ নরমাল থ্রু মাই আইজ’। অনলাইনে প্রদর্শনী দেখতে ভিজিট করতে হবে https://www.emkcenter.org/exhibition ঠিকানায়। এই প্রদর্শনীর আয়োজক সোশ্যাল স্টোরি টেলিং প্ল্যাটফরম ক্রেয়নম্যাগ। আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান  হিসেবে রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

প্রদর্শনীর প্রতিটি ছবিতেই উঠে এসেছে করোনাকালের পরিবর্তিত জীবনযাত্রার দৃশ্যকল্প। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীর মধ্যে বিষণ্ন অভিব্যক্তির দেখা মেলে একটি ছবিতে। মুখে মাস্ক পরে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা স্কুলের পোশাক পরিহিত শিক্ষার্থীর ছবিটি যেন থমকে যাওয়ার প্রতিচ্ছবি হয়ে ওঠে। আরেক ছবিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পূজা করতে দেখা যায় পুণ্যার্থীদের। আরেকটি আলোকচিত্রে মহামারির বাধ্যবাধকতায় বাইরে যাওয়া যখন বারণ তখন ছাদে ঘুড়ি ওড়াতে দেখা যায় এক কিশোরকে। এভাবে প্রদর্শনীটির প্রতিটি ছবির বিষয়বস্তু হয়ে উঠেছে করোনাকাল।

প্রদর্শনীটি প্রসঙ্গে ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন,  ছবি আসলে মানুষের কথা বলে। আজকের ছবি একই সঙ্গে ভবিষ্যতের প্রামাণ্য দলিল এবং ইতিহাসের অংশ। সেই বিবেচনায় এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাধ্যমে করোনা আক্রান্ত বর্তমান পৃথিবীটাকে ভবিষ্যতের করোনামুক্ত পৃথিবীর জন্য ক্যামেরার লেন্সে সংরক্ষণ করা। এক দিন যখন আমরা এ সময়কে ভুলে যাব, তখন এ ছবিগুলোই হবে করোনাকালীন স্মৃতি।

প্রদর্শনীতে অংশ নিচ্ছে সারা দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের আলোকচিত্রিরা। এ ক্লাবগুলো হলো—শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, আর্মি আইবিএ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি, গণবিশ্ববিদ্যালয় ফটো লাইব্রেরি, ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ফটোগ্রাফি ক্লাব, আহছানউল্লা ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি ফটেগ্রাফি ক্লাব ও শাটারবাগস ইউল্যাব। এই ক্লাবগুলোতে দুই শতাধিক শিক্ষানবিশ আলোকচিত্রি কাজ করে যাচ্ছেন।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।