সরে না গেলে চাকরিচ্যুতি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:২১

যুক্তরাষ্ট্রের মিলিটারি সার্ভিস একাডেমির উপদেষ্টা বোর্ডে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া ১১ কর্মকর্তাকে পদত্যাগ করতে বলেছে বাইডেন প্রশাসন। তারা পদত্যাগ না করলে চাকরিচ্যুত করা হবে বলে জানানো হয়েছে। খবর সিএনএনের

ট্রাম্পের সময়ে নিয়োগ দেওয়া এই কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি শন স্পাইসার, প্রেসিডেন্টের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার রয়েছেন। ট্রাম্পের আমলের এই কর্মকর্তারা নেভাল একাডেমি, এয়ার ফোর্স একাডেমি ও মিলিটারি একাডেমির উপদেষ্টা বোর্ডে দায়িত্বে রয়েছেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এই তথ্য নিশ্চিত করেছেন। 

এই বিষয়ে শন স্পাইসারের কাছে সিএনএন প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, পদত্যাগের প্রতিক্রিয়া তিনি তার টেলিভিশন শোর মাধ্যমে জানাবেন। আর কেলিয়ান কনওয়ে টুইটারে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ উল্লেখ করে তিনি পদত্যাগ করছেন না বলে জানান। প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার সিদ্ধান্ত হতাশাজনক হলেও বোধগম্য যে, আপনার সৃষ্ট সংকটের খবরকে আড়াল করার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছেন। আমি পদত্যাগ করছি না। আপনার করা উচিত। বোর্ডের আরেক সদস্য ভট বলেছেন, এই নিয়োগের মেয়াদ তিন বছর। পদত্যাগ না করারই ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা আগামী ১৮ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে সমাবেশের ডাক দিয়েছেন। ক্যাপিটল দাঙ্গায় আটকদের সমর্থনে এই সমাবেশ করবেন তারা। ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’ নামে ডাকা এ সমাবেশকে ঘিরে আবার সহিংস ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিতে শুরু করেছে মার্কিন ক্যাপিটল পুলিশ।