র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে গ্রেফতার ৪ জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত জঙ্গি আস্তানার তথ্য দিয়েছে। তারা জানান, বসিলার বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এসব তথ্যের ভিত্তিতে বসিলার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বসিলার জঙ্গি আস্তানায় অভিযান শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে গ্রেফতার জেএমবির ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল। সে তথ্যের ভিত্তিতে ঢাকার বাইরে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জাqগায় অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাত থেকে বসিলার জঙ্গি আস্তানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয় র্যাব। আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।
র্যাবের এ কর্মকর্তা বলেন, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।
