আফগানিস্তানকে ৩ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:২২

খাদ্য সরবরাহ ও করোনা ভাইরাসের টিকাসহ আফগানিস্তানকে ৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের জরুরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। তালেবানের নতুন সরকার গঠন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করলেও চীন স্বাগত জানিয়েছে। আশাবাদ প্রকাশ করেছে রাশিয়া। আফগানিস্তানের রিজার্ভ যুক্তরাষ্ট্র আটকে রাখায় অর্থ সংকটে পড়েছে তালেবান। চীনের এই তহবিল সেই সংকটকে কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসি ও আলজাজিরার

চীন জানিয়েছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন আফগানিস্তানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্যতম প্রয়োজনীয় পদক্ষেপ। কয়েক দিন আগেই তালেবান তাদের অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করে আফগানিস্তানকে ‘ইসলামি আমিরাত’ হিসেবেও ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া থেকে যোজন যোজন দূরে। এই সুযোগে চীনের এমন আবির্ভাব বলে বিভিন্ন সংবাদ সংস্থা মন্তব্য করেছে। বুধবার আফগানিস্তানের প্রতিবেশী কয়েকটি দেশ, পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তানের জন্য জরুরি সাহায্য পাঠানোর কথা জানান। তিনি আফগানিস্তানকে সহযোগিতায় দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান। চীন আফগানিস্তানে ৩০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা সরবরাহ করতে যাচ্ছে বলেও জানান ওয়াং ই। যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করেছে তার কঠোর সমালোচনা করেছে বেইজিং। মার্কিন সেনারা আফগানিস্তানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ রেখে গেছে বলে মন্তব্য করেছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, যুক্তরাষ্ট্র গত দুই দশকে আফগানিস্তানে যা করেছে, তা দেখিয়ে দিয়েছে যে অনাকাঙ্ক্ষিত সামরিক হস্তক্ষেপ এবং কারো ধ্যানধারণা ও মূল্যবোধ অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার পরিণতি কী হতে পারে। তালেবান কর্মকর্তারা চীনকে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। চীনা বিনিয়োগ ও সহায়তায় যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠন করা সম্ভব হবে বলেও আশা তাদের।