আফগানিস্তান ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় ব্রিকসভুক্ত দেশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৯

আফগানিস্তান ইস্যুর শান্তিপূর্ণ সমাধান আশা করছেন ব্রিকসভুক্ত দেশের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসেনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তারা মূলত আফগানিস্তান ও তালেবান নিয়েই আলোচনা করেন। নয়াদিল্লির তরফে বলা হয়েছে, আফগানিস্তানের প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। হিংসা এড়িয়ে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। সন্ত্রাসবাদ প্রতিরোধে সকলের দায়িত্বের কথা মনে করিয়ে ভারতের বার্তা, জঙ্গি সংগঠনগুলো যাতে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশে নাশকতা না চালাতে পারে, সেই দিকটিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ব্রিকসের মঞ্চে আফগানিস্তানের পরিস্থিতির জন্য আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে দায়ী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এদিকে বুধবার পাকিস্তান, চীন, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অনলাইন বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানের সকল গোষ্ঠীকে নিয়ে সরকার গঠনের আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা। -ইন্ডিয়ান এক্সপ্রেস