গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আজমত আলী জুয়েল (৩৩) নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা অপর আরোহী উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ-নাগরী সড়কের তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আজমত আলী সিরাজগঞ্জ উল্লাপাড়ার রামনগর খানসোতলা এলাকার পেস্তক গ্রামের মো. আক্কেল আলীর ছেলে। তিনি উত্তরা নির্বাচন কমিশন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এবং আহত উজ্জ্বল একই প্রতিষ্ঠানে আউটসোর্সিং বিভাগে কর্মরত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ-নাগরী সড়কে কালীগঞ্জগামী মোটরসাইকেলের সাথে নাগরীগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে কালীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মানসী জানান, দুপুর ১টার দিকে ২ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মো. আজমত আলীকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক বলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেই।
উত্তরা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মো. আজমত আলী আমার অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করত। শুক্রবার ছুটির দিন বলে সে এবং উজ্জ্বল ২ জনে আমাদের অফিসের আরেক সহকর্মী আরিফের বাসা নরসিংদীর রায়পুরা যাচ্ছিল। পথিমধ্যে ২ জনে এ দুর্ঘটনার কবলে পড়েন।
ইত্তেফাক/এমএএম
