লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলে যাওয়া পথে দুই শিশুসহসহ এক মা নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় শিশুদের বাবা মো. হেলাল বৃহস্পতিবার রাতে রামগতি থানায় একটি সাধারণ ডায়ারি করেন। একই দিন সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের নিজ বাড়ি থেকে রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির উদ্দেশ্য যাওয়ার পথে তারা নিখোঁজ হন।
নিখোঁজরা হচ্ছে—মা মারজাহান (২৭), বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও ছোট মেয়ে বিবি ফাতেমা (৪)। মো. হেলাল জানান, বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়ার দ্বিতীয় শ্রেণির পরীক্ষা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সামিয়াকে পরীক্ষাকেন্দে পৌঁছে দেওয়ার জন্য তার মা মারজাহান বাড়ি থেকে বের হয় ঐ সময় ছোট মেয়ে বিবি ফাতেমাকও তার সঙ্গে নেন। সকাল ১০টায় স্কুল থেকে শিক্ষিকা শিলা আক্তার মোবাইল ফোনে সামিয়া পরীক্ষা কেন্দ্রে না পৌঁছার কথা জানালে হেলাল তাদের খুঁজতে বের হন। তাদের কোথাও খুঁজে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়ারি করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, দুই মেয়েসহ মা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে।
