চট্টগ্রামের বারইয়ার হাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের বিরুদ্ধে এক বয়োজ্যেষ্ঠ মাদ্রাসা শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মিরসরাই সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও লাঞ্ছিত শিক্ষকের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে প্রবীণ শিক্ষককে মারধরের অভিযোগ করে বলা হয়, গত বুধবার এক সালিশি বৈঠকে বারইয়ারহাট পৌরসভার মেয়র খোকন ঐ শিক্ষককে রশি দিয়ে বেঁধে মেরে ফেলার হুমকি দেন। এছাড়া তাকে চড়-থাপ্পড় মারা হয়, বুকে আঘাত করা হয় এবং সবশেষে তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ঐ মাদ্রাসা শিক্ষকের জামাতার মালিকানাধীন খান মার্কেটের কিছু অংশ রেলওয়ে ও সড়ক জনপথের লিজ নেওয়া জায়গার ওপর প্রতিষ্ঠিত। মেয়র খোকন খান মার্কেট উচ্ছেদ করে তাদের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করছে। এর আগেও মেয়র খোকন বিভিন্ন জনকে মারধরসহ নানা অনিয়মের কারণে অনেকে তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন মেয়র খোকন ও তার লোকজন। তার ভয়ে কেউ কথা বলে না। থানার ওসির কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি তার অসহায়ত্বের কথা তুলে ধরেন।
