অপপ্রচারে কান দেবেন না ------ পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কোনো অপপ্রচারে কান দেবেন না। নিজ নিজ অবস্থান থেকে দেশের সমৃদ্ধির জন্য কাজ করুন। মুক্তিযুদ্ধের শহিদদের সম্মান জানিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বেশি করে গবেষণা করতে হবে। মেধাবীদের নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করতে হবে।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ১৫২ জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার করে টাকা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে তোমরা দেশের উন্নয়নে কাজ করবে।’

স্বাস্থ্য ও শিক্ষাকে উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে এম এ মান্নান বলেন, বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে জাতীয় উন্নয়ন। তিনি আরো বলেন, করোনা আবারও আসতে পারে। তাই সতর্ক থাকতে হবে। সবাইকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন :জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শিক্ষার্থী শাকির আলী ও অনামিকা আক্তার। পরে মন্ত্রী সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।