সৈয়দপুরে মাছ ধরার জালে উঠে এলো যুবকের লাশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৯

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে মাছ ধরার জালে উঠে এসেছে যুবকের লাশ। গতকাল দুপুরের আগে নদীর রাবেয়া মিলসংলগ্ন বেলাইচণ্ডি বানিয়াপাড়া এলাকায় লাশ পাওয়া যায়। নিহত যুবকের নাম রানা। তিনি শহরের অফিসার কলোনি রিকশা শ্রমিক অফিসের পাশের মহল্লার মৃত কালামের ছেলে।

এলাকাবাসী জানায়, এলাকার এক ব্যক্তি নদীতে ঝাঁকিজাল ফেলে মাছ ধরছিলেন। বেলা ১২টার দিকে তার জালে লাশটি উঠে আসে। তা দেখে তিনি ভয় পেয়ে জাল ফেলে বাড়িতে চলে যান। পরে লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় লাশের ছবিসহ খবর ছড়িয়ে পড়লে নিহত রানার ছোট ভাই রাহাত এসে লাশ শনাক্ত করে।

ঘটনাস্থলে উপস্থিত পার্বতীপুর থানার এএসআই সনজিত বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধান্ত  নেবেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। রানা মাদকাসক্ত ছিল। মাদক নিয়ে বিরোধের জেরে এমনটা হতে পারে।