ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের নেতারা অভিযোগ করেছেন, রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বেচ্ছাচারিতা চলছে। এমনকি সন্তানদের অসুবিধার কথা কর্তৃপক্ষকে জানাতেও পারেন না তারা। স্কুলের অধ্যক্ষ বা যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন তারা অভিভাবকদের সঙ্গে কথা বলেন না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলন থেকে যেসব স্কুলের নিজস্ব ক্যাম্পাস রয়েছে, তাদের অন্তত ৫০ শতাংশ, আর যেসব স্কুল ভাড়া ক্যাম্পাসে তাদের অন্তত ৩০ শতাংশ টিউশন ফি হ্রাস করার দাবি জানানো হয়। একই সঙ্গে করোনাকালে বকেয়া টিউশন ফির জন্য কোনো শিক্ষার্থীকেই শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করা না হয়, সেই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ফোরামের সদস্য রিয়াজ আনোয়ার বলেন, স্কুলে গেলেও প্রিন্সিপাল বা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা যায় না। তারা অভিভাবকদের সঙ্গে কথা বলেন না। তারা কী চায়, আমরা জানি না।
ফোরামের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুর সাকলায়েন বলেন, আমরা চাই আমাদের সন্তানদের টিকা নিশ্চিত করতে। আমরা স্কুল খুলে দেওয়াকে স্বাগত জানাচ্ছি। তবে আমাদের আশঙ্কা এটা এক ধরনের ‘ম্যাসাকার’ হবে। যদি তাদের টিকার আওতায় না নিয়ে আসা যায়। বাংলাদেশ ইংরেজি মিডিয়াম স্কুল প্যারেন্টা ফোরাম দেড় বছর আগে গঠিত কমিটি ভেঙে দিয়ে শুক্রবার নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আফরোজা আক্তার বলেন, আমরা বারবার বলেছি ইংলিশ মিডিয়ামের জন্য বিধিমালা করলে হবে না, এটার বাস্তবায়ন করতে হবে।
