আজ মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৭

ইত্তেফাক রিপোর্ট

আজ মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী। চিত্রশিল্পী হিসেবে যে ক’জন বাঙালি কৃতী সন্তান বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তাদের অন্যতম শিল্পী শাহাবুদ্দিন। মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু এই তিন অনুষঙ্গ প্রধান উপাদান। তার সঙ্গে ইউরোপীয় চিত্রকলার ঐতিহ্যের মিশ্রণ তার চিত্রকর্মকে করে তুলেছে ভিন্নধর্মী। প্রাচ্য ও পাশ্চাত্যরীতির সম্মিলন ঘটিয়ে নতুন ধরনের একটি রীতি নিয়ে আসেন, যা তাকে ইউরোপীয় চিত্র প্রেমিকদের মধ্যে অনন্য করে তোলে।

তার ক্যানভাসে উঠে এসেছে উপমহাদেশের বিশেষ ব্যক্তিত্বরা। এদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মওলানা ভাসানী, জাহানারা ইমাম, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রমুখ। এ পর্যন্ত দেশেবিদেশে তার শতাধিক একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী শাহাবুদ্দিন আহমেদ চারুকলা ইনস্টিটিউট (বর্তমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে স্নাতক করার পর ফরাসি সরকারের বৃত্তি নিয়ে প্যারিসে যান। চিত্রকর্মে অবদানের স্বীকৃতি হিসেবে প্যারিসে বসবাসরত বাংলাদেশি এই চিত্রশিল্পীকে ‘নাইট ইন দি অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার’ উপাধি দিয়ে সম্মানিত করেছে ফরাসি সরকার। ২০০০ সালে তিনি ‘স্বাধীনতা দিবস পদক’ লাভ করেন। ১৯৭৪ সাল থেকে শিল্পী প্যারিসে বসবাস করছেন।