সবুজবাগে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮

দুই জন আটক

বিশেষ প্রতিনিধি

রাজধানীর সবুজবাগে চোর সন্দেহে হাত-পা বেঁধে হূদয় (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে সবুজবাগ থানার পুলিশ গুরুতর অবস্থায় হূদয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে সবুজবাগ এলাকায় গিয়ে ঐ যুবককে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পাই। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে সে তার নাম হূদয় বলে জানিয়েছিল।

তিনি বলেন, হূদয় নির্মাণাধীন একটি ভবনে চুরি করতে গিয়েছিল বলে দাবি ঐ ভবনের ঠিকাদারের ভাই ও সিকিউরিটি গার্ডের। পরে তারা হূদয়কে আটক করে হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে।

এসআই আরো বলেন, আমরা তার নাম জানতে পারলেও কোনো ঠিকানা পাইনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোক হলে এত ক্ষণে তার পরিচয় পাওয়া যেত। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঐ ঠিকাদারের ভাই ও সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করতে পারছি না। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।