‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে নৌযাত্রা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৪

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে শুক্রবার দুপুরে সরিষাবাড়ীতে মানববন্ধন, লিফলেট বিতরণ ও তিন দিনের নৌযাত্রা শুরু করেছে নদীভাঙা চরের মানুষ। উপজেলার ঝালুপড়া ব্রিজপাড় মোড়ে বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জামালপুরের সরিষাবাড়ী ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আবাদি জমি, ভিটা বাড়িসহ সর্বস্ব নদীগর্ভে বিলীন হওয়া চরাঞ্চলের মানুষ এতে অংশগ্রহণ করেন। ‘নদী ভাঙবে আমার জমি আমার থাকবে, জমি কেন খাস হবে’—এ  স্লোগানে কর্মসূচি চলাকালে মানববন্ধকারীরা বলেন, জমি নদীগর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থাকে না। ফলে নদীগর্ভে বিলীন হওয়া জমির খাজনা-খারিজ ও ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায়। তাই ঐ আইন বাতিল করে ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা চালু ও বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির আহ্বায়ক ও সংগ্রাম কমিটির সমন্বয়ক জাহিদ হোসেন বলেন, আমার বাবা-দাদার জমি সরকার অন্যায়ভাবে আইন করে খাস করে নেয়। এ আইন অবিলম্বে বাতিল করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন নাটিয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কবি আলতাফ হোসেন মাস্টার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা আলী আক্কাস, গাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম আমিন প্রমুখ।