খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৪

খুলনা অফিস

খুলনায় বৃহস্পতিবার গভীর রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সৌরভ হাজরা (২৮) ও শুভ কর্মকার (৩৩)। নগরীর সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নগরীর সিমেট্রি রোডের মুড়িপট্টি এলাকায়। তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা জানান, রাত পৌনে ১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার এম এ বারী সড়কের আলীর ক্লাব সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন,  সৌরভ ও শুভ নগরীর গল্লামারী থেকে এম এ বারী সড়ক দিয়ে  সোনাডাঙ্গার দিকে আসছিলেন। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় আলীর ক্লাব-সংলগ্ন রাস্তার মধ্যের স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় টহল পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।