স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ডোপ টেস্টের ভুয়া প্রতিবেদন তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেটসংলগ্ন একটি ফটোস্ট্যাট ও কম্পিউটার কম্পোজের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম রাসেল মাহমুদ। সে সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং কলেজ গেট এলাকার কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের মালিক।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির অধিনায়ক ও স্কোয়াড্রন লিডার মো. সোহরাব হোসেন বলেন, রাসেল মাহমুদের কাছ থেকে সরকারি হাসপাতালের সিল ও স্বাক্ষর ব্যবহার করা ডোপ টেস্টের বেশ কিছু জাল রিপোর্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুসরণ করেই অনার্স ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, র্যাবের হাতে গ্রেফতার রাসেল মাহমুদকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
