ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে শুক্রবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে নারীসহ চার জনকে গ্রেফতার করেছে বিজিবি। উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রাজু কিসমত মোল্লা (৩০), রাজু মোল্লার স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও তার মেয়ে আছিয়া (৮)। বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কয়েক জন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এ সময় মাটিলা বিওপির একটি টহল দল গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ঐ চার জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
