যমুনা নদী থেকে আরো এক জনের লাশ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৫

নিখোঁজ ৪

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) এর দরবার শরিফে নৌকায় জামালপুর থেকে আসা যমুনা নদীতে পড়ে নিখোঁজ আরো এক শিশুর লাশ এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী শরিফ মোড় তীর থেকে ভেসে ওঠা লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন (৬) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে। এ নিয়ে বৃহস্পতিবার বিকালে যুমনায় পড়ে নিখোঁজদের মধ্যে তিন জনের লাশ উদ্ধার হলো। আরো চার জন নিখোঁজ রয়েছে। এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, জামালপুর থেকে এনায়েতপুর পাক দরবার শরিফে নৌকাযোগে আসছিলেন জাকেররা। বৃহস্পতিবার বিকালে এনায়েতপুর স্পারবাঁধসংলগ্ন যমুনা নদীতে আসামাত্রই নৌকা থেকে বেশ কয়েক জন নদীতে পড়ে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও সাত জন নিখোঁজ ছিল। পরে সন্ধ্যায় দুই জনের এবং শুক্রবার দুপুরে আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এনায়েতপুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন মোল্লা জানান, ভরা যমুনায় নিখোঁজ বাকি চার জনের লাশ দক্ষিণ দিকে ভেসে যেতে পারে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।